রাজ্জাক চাচা

বাগেরহাটের পাশ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জ থেকে প্রতি মাসে এক বৃদ্ধ সস্ত্রীক তার পেনশন উঠাতে আমার প্রাক্তন শাখায় আসতেন। লোকটি ব্যাংকে আসলে ব্যাংকের সকলেই তার সাথে অনেক মস্করা করতেন। আর লোকটির ভাষায় বরিশালের টান থাকায় সকলেই বাগেরহাটের একসেন্ট বাদ দিয়ে ঐ বরিশালের টানেই তার সংগে কথা বলতেন। আমি সকলের ছোট, এসব দেখে খুব মজা পেতাম। তো একদিন আমি সেই বৃদ্ধের পেনশন ভাউচার রেডি করে দেওয়ার সময় কিছুক্ষণ কথা বললাম।

প্রতীকি রাজ্জাক চাচা

আমিঃ চাচা, এতো টাকা উঠায় কি করবেন? ব্যাংকে জমা থাক।
চাচাঃ মুই এই ট্যাহা জনতা ব্যাংকের থাইকা উডাইয়া জনতার ব্যাংকে রাখমু।
আমিঃ জনতার ব্যাংক আবার কোনটা?
চাচাঃ ঐ পানের দোহান, সিগারেটের দোহান, ঐডাই হইলো জনতার ব্যাংক।
আমিঃ ওহ বুঝলাম। তা ওখানে রাখলে কি সুবিধা, ব্যাংকে থাকলে তো আরো ভালো হতো। ইন্টারেস্ট পেতেন।
চাচাঃ আরে আমি কি ঐহানে এমনে এমনে রাহি, হারা মাস বইয়া আমি যেইসব ইন্টারেস্ট চাবাই, হেইডা শোধ করতে অইবে না! নাইলে পরের মাসে তো আর ইন্টারেস্ট দিবো না দোহানের বেডারা।
আমিঃ হা হা। তা চাচা ওখানে টাকা রাখলে তো আর উঠাতে পারবেন না, শুধু পানই চিবাতে পারবেন। জীবনে তো আর কম পান সিগারেট চিবোলেন না, এখন তো বয়স হইছে, এখন না হয় একটু টাকার সদ্ব্যবহার করেন।
চাচাঃ ট্যাহার ব্যাবুহার আর সদ্ব্যবুহার কি, ট্যাহার জন্মই হইলো খরচের লিগা, হেইয়ারে ব্যাংকে ফালাইয়া পচানোডা হইলো বলদগো কাম।
আমিঃ আচ্ছা ঠিক আছে চাচা। আপনি জনতার ব্যাংকেই টাকা রাইখেন। আচ্ছা আপনার স্ত্রীকে ডাকুন সই করার জন্য।
চাচী পাশের কোন এক পুরুষের সংগে কথা বলছিলেন, চাচার ভাষ্যমতে চাচী একটু কানে কম শোনেন। চাচা অনেকবার ডাকার পরেও চাচীর সাড়া না পেয়ে একটু রেগে গিয়ে আমাকে বললেন, এই বেডিডা কেরুম কানে কম হোনে তাই আইজও বোজলাম না, বিয়ার পর থাইকা দেহি বাকি হগগলের কতাই ঠিকমতো হুনে, মোরডাই হুনে না। তয় ট্যাহার কতা আবার দুই মাইল দূর থাইকা ক্যামনে জানি হুনে।
চাচাঃ হ, ডাক্তার দেহাই আর মোর গুষ্টিডা মারি, এহন তাও জগড়া করলে হ্যায় বোজে না, হ্যার কান ঠিক করাইলে তো শ্যাসকালে আমার কানই নষ্ট হইয়া যাইবে।
আমিঃ অনেক তো শুনলেন, এবার না হয় চাচীই একটু শুনুক।
চাচাঃ আফনে এতো বেশি কথা কন ক্যা, বুড়ি কানে হোনলেই কি আর না হোনলেই কি, মুই যে ট্যাহাডা পামু তার কাগজ দ্যান।
ততক্ষণে চাচী চলে এসেছেন। এসেই ওমনি চাচাকে বললেন, যেইহানে যাও গল্প না করলে কি ভাল ঠ্যাহে না, মুই বইয়া আছি ফাও ফাও, আর বুড়া এইহানে গল্প করতেয়াছে।
চাচা আমার দিক তাকিয়ে বললেন,
ছার, ট্যাহার কাগজখান দ্যান, ট্যাহা লইয়া ডাক্তার দেহামু।
আমিঃ যাক চাচা আপনার সুবুদ্ধি হয়েছে।
চাচাঃ হ, আপনে আমারে ভালো বুদ্ধিই দ্যাছেন, দেহি বেডিডারে বুবা বানান যায় নাহি এরুম ডাক্তার দেহামু।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি