বানভাসী বানিয়াচং
মাত্র একদিন আগে এই রাস্তা দিয়ে বানিয়াচং গিয়েছি। একদিনের ব্যবধানে আজ রাস্তা পানির নিচে। আর শুধু যেমন তেমন নিচে নয়, প্রায় ২ফুট পানির নিচে রাস্তা তলিয়ে গিয়েছে। নবীগঞ্জ থেকে বানিয়াচং পর্যন্ত ১৮কিমি যে রাস্তা সেই রাস্তার অর্ধেক পড়েছে নবীগঞ্জের ভিতর, আর বাকী অর্ধেকের থেকে কিছু বেশি পড়েছে বানিয়াচং এর ভিতর। গত পরশু এই রাস্তা দিয়েই যাওয়ার সময় বন্যার আবহ বুঝতে পেরেছিলাম। সাধারণত রাস্তার পাশের দুই ফিট নিচ থেকে পানির প্রবাহ শুরু হয়। সেখানে সেদিন দেখি পানি প্রায় রাস্তা ছুঁই ছুঁই। পুরোটা রাস্তারই একই অবস্থা দেখেছি। কিন্তু আজ দেখলাম সম্পূর্ণ অন্য এক চিত্র। পরশু গাড়ি নিয়ে যাবার সময় রাস্তার দুপাশ খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করতে করতে গিয়েছি। পানির উচ্চতা অস্বাভাবিক থাকলেও সেটি মানুষের বসত, ভিটা, চলার রাস্তা গ্রাস করে নি তখনো। মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই দেখেছিলাম। কিন্তু আজ দেখলাম মানুষের চোখে মুখে আতঙ্ক। মানুষ তার ঘর বাড়ি ছেড়ে রাস্তায় এসে ঠাই নিয়েছে। যে এলাকায় আগের দিনও দেখেছি শিশুরা খেলছে, আজ দেখলাম কলাগাছের ভেলা বানিয়ে আপাতত সেখানে পুরো পরিবার জড়সড় হয়ে আছে। একজনকে দেখলাম পানির আসার আশঙ্কাকে কেন্দ্র ক...