লিটল মাস্টারের সাথে সাক্ষাৎ

তখনো বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশ দুগ্ধশিশুই বলা যায়। সবে মাত্র টেস্ট স্ট্যাটাস পেয়েছে। সেরকম নামডাকওয়ালা খেলোয়াড়ও দলে সেভাবে তৈরি হয়ে পারে নি। ঠিক তেমন একটা সময়েই মাত্র ১৭বছরের এক কিশোর বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিলো। একদম অভিষেক টেস্টেই শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক শতক হাকিয়ে নিজের সমহিম আগমনী জানান দিয়ে দিলো সেই কিশোর। একদম ছোটোখাটো গড়নের সেই কিশোর প্রবল বিক্রমে ব্যাটিং করে দুর্ধর্ষ শ্রীলঙ্কান বোলিং লাইন আপকে থোড়াই কেয়ার করে তাঁর দৃষ্টিনন্দন স্টাইলিশ ব্যাটিং এ সকলকে মুগ্ধ করে অর্জন করে নিলো এক অবিস্মরণীয় শতক, আর জায়গা করে নিলো রেকর্ড বইতে। আর এমনি এক রেকর্ড গড়লেন তিনি, যা আজ পর্যন্ত অজেয়ই রয়ে গেছে। সেই থেকেই বিশাল এক ফ্যান হয়ে গেলাম সেই কিশোরের। সেই কিশোর আর কেউ নন, আমাদের "লিটল মাস্টার" খ্যাত মোঃ আশরাফুল।
ক্যারিয়ারের একদম শুরুতেই এমন ঝলমলে সূচনা দিয়ে দারুণ এক সম্ভবনা জানানো এই কিশোরকে অনেকেই আগামীর শচীন বলে আখ্যাও দিয়েছিলেন। যদিও ইনকন্সিস্টেন্সির কারণে ক্যারিয়ার তাঁর খুব একটা বেশি প্রজ্জ্বলিত হতে পারে নি, তবুও এই তারকাখচিত বাংলাদেশ ক্রিকেটের আগের যুগটায় আশরাফুলই ছিলেন ব্যাটিং এর অন্যতম স্তম্ভ। বাংলাদেশের ম্যাচ হলেই আশরাফুলের ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকতাম। আগেই বলেছি, চরম মাত্রায় ইনকন্সিস্টেন্ট ছিলেন আশরাফুল, তবুও তাঁর ছোট বড় যে ইনিংসই হোক না কেন, আশরাফুলের মন মাতানো শট, নজরকাড়া ব্যাটিং দেখাটাই ছিলো চোখের পরিতৃপ্তি।
\তবে ধারাবাহিকতার অভাব থাকলেও এই আশরাফুলই ছিলেন বাংলাদেশ দলের সব গৌরবময় জয়ের কাণ্ডারী। অস্ট্রেলিয়ার সাথে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে আশরাফুলের অসাধারণ শতক, ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ বলে ৮৩ রানের অসামান্য ইনিংস, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস, পরিশেষে বাংলাদেশের বিজয়, সবকিছুতেই আশরাফুলের ব্যাট কথা বলেছে। আশরাফুলের ব্যাটই ছিলো বাংলাদেশ দলের রানের খোরাক, আমাদের চোখের খোরাক।
অথচ "লিটল মাস্টার" আজ বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী হতে পারতেন, পারলেন না শুধু ধারাবাহিকতার অভাবে। মাঝে কিছুদিন ক্রিকেট থেকে ব্যানডও হয়েছেন ম্যাচ গড়াপেটার অভিযোগে। আফসোসের জায়গাটুকু এখানেই...

শৈশবের সেই ব্যাটিং আইডল, "লিটল মাস্টার" মোঃ আশরাফুল আজ এসেছিলেন নবীগঞ্জ মেয়র ক্রিকেট কাপের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে। আশরাফুলকে এতো কাছে পেয়ে স্মৃতি ধরে রাখার সুযোগ কেন হাতছাড়া করবো, তুলেই ফেললাম একটা সেলফি "প্রিয় আশরাফুল" এর সাথে... 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি