প্রস্তাবিত অর্থ বিলে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখে আনীত পরিবর্তনসমূহ
সম্মানিত করদাতাদের উদ্দেশ্যে একটি বিষয় আজ আলোকপাত করতে চাই।
প্রস্তাবিত অর্থ বিল-২০২৫ এ আয়কর আইন-২০২৩ এর ধারা ২ এর দফা ২৩ এর বিলুপ্তি এবং ধারা ২ এ দফা ৮১(ক) সংযোজন এর বিষয়টি নিয়ে আজ লিখবো। আয়কর আইন, ২০২৩ এর ধারা ২ এর দফা ২৩ এ করদিবস এর সংজ্ঞায়ন করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখ করতে গেলে
"করদিবস অর্থ- (ক) কোম্পানি ব্যতীত কোন করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন; (খ) কোম্পানির ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫তম দিন অথবা যেই ক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের ১৫তম দিনের পূর্বের তারিখে পড়ে, সেই ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন;"
এখানে ধারা ২ এর দফা ৬৯ এ ৭ ধরণের করদাতার কথা বলা হয়েছে। যথা- স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল ও কোম্পানি।
আয়কর আইন,২০২৩ এর ২(২৩) অনুযায়ী কোম্পানী ব্যতীত অন্য ৬ ধরণের করদাতাদের জন্য রিটার্ন দাখিল শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর।
উদাহরণ স্বরূপ বলতে গেলে- আপনি একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা বা ফার্ম বা তহবিল সত্তা, সেক্ষেত্রে ২০২৪-২৫ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ আপনার জন্য ৩০নভেম্বর, ২০২৪। তবে এখানে শুধুমাত্র "স্বাভাবিক ব্যক্তি" করদাতা যারা আগে টিন থাকা সত্ত্বেও কখনো রিটার্ন দাখিল করেন নি এবং আয়কর অফিসের ১৭২ বা ২১২ ধারার কোনো নোটিশ পান নি, তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ হবে ২০২৪-২৫ করবর্ষ সমাপ্তির তারিখ ৩০জুন, ২০২৫।
আর শুধু কোম্পানী করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিলো আয়বর্ষ শেষ হওয়ার তারিখের পরবর্তী ৭ম মাসের ১৫তম দিন। এবং সেই ১৫ তম দিন যদি সেপ্টেম্বর মাসের ১৫ তম দিনের আগে পড়ে, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের ১৫তম দিনই হবে সংশ্লিষ্ট কোম্পানী এর রিটার্ন দাখিলের শেষ দিন। সাধারণত কিছু বহুজাতিক কোম্পানির ব্যতিক্রম ব্যতীত আয়বর্ষ শেষ হয় জুন মাসের ৩০তারিখ, তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিলো পরবর্তী বছরের জানুয়ারী মাসের ১৫ তারিখ। আবার ব্যাংক, বীমা, ফাইন্যান্স কোম্পানী এর ক্ষেত্রে আয়বর্ষ শেষ হয় ডিসেম্বর মাসের তারিখ। সংগত কারণে তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ হয় সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ (কারণ তাদের ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির ৭ম মাসের ১৫তম দিন সেপ্টেম্বর মাসের ১৫তারিখের পূর্বে হয়)
এবার আসি প্রস্তাবিত অর্থ বিল, ২০২৫ এ কি বলা হয়েছে।
অর্থ বিল, ২০২৫ এ উল্লেখিত,
"(৮০ক) “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” অর্থ- (ক) স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ (ত্রিশ) তম দিন; (খ) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের ১৫ (পনেরো) তম দিন; (গ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ;"
এখানে আগের ধারা ২ এর দফা ২৩ বিলুপ্ত করা হয়েছে এবং নতুন দফা ৮০ক সংযোজিত হয়েছে। এখানে "করদিবস" শব্দটির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” উল্লেখিত হয়েছে এবং সংজ্ঞার ভিতর কিছু পরিবর্তন রয়েছে। আগে যেমন- কোম্পানী ব্যতীত বাকী ৬ধরণের করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিলো আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন, এখানে সেটি শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার এই দুই ধরণের করদাতার জন্য রিটার্ন দাখিলের শেষ দিন হবে নভেম্বর মাসের ৩০ তম দিন। এই দুই সত্তার বাইরে কোম্পানী, ফার্ম, তহবিল, ট্রাস্ট, ব্যক্তিসংঘ এই ৫ ধরণের সত্তার ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ দিন হবে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম ৯ম মাসের ১৫দিন।
উদাহরণস্বরূপ- আয়বর্ষ যদি ৩০জুন তারিখে শেষ হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানী ও অন্যান্য সত্তা এর রিটার্ন দাখিলের শেষ তারিখ হবে পরবর্তী বছরের ১৫ মার্চ।
আর টিন আছে কিন্তু রিটার্ন দাখিল করে নি এবং আয়কর অফিসের নোটিশ পায় নি, এমন "স্বাভাবিক ব্যক্তি" করদাতাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ আগের মতোই, আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০জুন।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন যেটি আয়কর আইন, ২০২৩ এর ধারা ২ দফা ২৩ এ ছিলো না, যেটি দফা ৮০ক এ আনীত হয়েছে।
সেটি হলো-
"(ঙ) কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপ-দফা (ক), (গ) ও (ঘ) এ উল্লিখিত দিন হইতে ৯০ (নব্বই) দিনের বেশি হইবে না;"
অর্থাৎ শুধুমাত্র "স্বাভাবিক ব্যক্তি" করদাতা যদি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখে(৩০ নভেম্বর/৩০জুন) অনিবার্য কারণবশত রিটার্ন দাখিল করতে সক্ষম হবেন না এমন বোধ করেন, সেক্ষেত্রে উক্ত তারিখের পূর্বে তাকে লিখিত ভাবে সেটি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, এবং কর কমিশনার কর্তৃক পরবর্তী অনুমোদিত তারিখে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে ঐ অনুমোদিত তারিখ পূর্বের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হতে ৯০ দিনের বেশি হবে না। অর্থাৎ অতিরিক্ত ৩মাস সময় পাবেন করদাতা তার রিটার্ন দাখিল করার জন্য।
এছাড়া দফা ৮০ক এর বাকী অংশসমূহ পূর্বের দফা ২৩ এর অনুরূপ রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন